
বিশেষ প্রতিনিধি, নেত্রকোনাঃ আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নেত্রকোনায় পরিবেশ, জলবায়ু, জীববৈচিত্র্য ও স্থানীয় কৃষি-খাদ্যব্যবস্থা রক্ষায় যুবদের ভূমিকা জোরদারে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী কর্মসূচি ‘যুবদের প্রতিশ্রুতি বৃক্ষ: গাছের গায়ে, আমার কথা’।
বারসিক ও গ্রীন কোয়ালিশনের যৌথ আয়োজনে এবং নেত্রকোনা সম্মিলিত যুব সমাজ ও ভিবিডি-র অংশগ্রহণে আজ বুধবার নেত্রকোনা বড় স্টেশনের শতবর্ষী তেঁতুল গাছতলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষার্থীসহ ২৫ জন সচেতন যুব অংশগ্রহণ করেন।
প্রতিবেদনসূত্রে জানা যায়, কর্মসূচির মূল আকর্ষণ ছিল যুবদের পরিবেশবিষয়ক অঙ্গীকার ও চিন্তাভাবনা গাছের গায়ে প্রদর্শন করা। তবে গাছের কোনো ক্ষতি না করার বিষয়ে যুবরা অত্যন্ত দায়িত্বশীল পরিচয় দেন। পাতা ছিঁড়ে ফেলা কিংবা গাছে পেরেক বা ক্ষতিকর গ্লু ব্যবহারের পরিবর্তে তারা কাগজের ‘ব্রিফ কার্ডে’ নিজেদের বার্তা লেখেন এবং তা পরিবেশবান্ধব পাটের দড়ি দিয়ে আলতোভাবে গাছে ঝুলিয়ে দেন।
কর্মসূচিতে যুবরা একটি শতবর্ষী গাছের বাস্তুতান্ত্রিক গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, স্থানীয় বৈচিত্র্যময় খাদ্যব্যবস্থা ও পরিবেশবান্ধব কৃষির প্রয়োজনীয়তা তুলে ধরেন। পরে তারা নিজ নিজ অবস্থান থেকে জীববৈচিত্র্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তোলার সুনির্দিষ্ট অঙ্গীকার প্রকাশ করেন।
আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষার বার্তা দিতে গিয়ে প্রকৃতির কোনো ক্ষতি না করে যেভাবে যুবরা এই কর্মসূচি সম্পন্ন করেছেন, তা পরিবেশবান্ধব উদ্যোগের এক উজ্জ্বল ও ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।