1. hello@channelz24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.channelz24.com : TV :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

নবনির্বাচিত প্রধানমন্ত্রীর প্রথম মন্ত্রিসভা বৈঠক বুধবার

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিন বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান সকল মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। 

এর আগে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা বুধবার সকাল ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করবেন।

পরে বেলা ১২টা ১৫ মিনিটে তারা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করবেন।

এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

গেজেটে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে তার নেতৃত্বে নতুন সরকার গঠনের অনুমোদন দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গেই বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে। ফলে প্রশাসনিক ও নীতিগত দায়িত্ব এখন নবগঠিত মন্ত্রিসভার ওপর বর্তাবে।

এছাড়া প্রধানমন্ত্রী পদে তারেক রহমানের নিয়োগ সংক্রান্ত পৃথক গেজেটও প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ গেজেটে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন ত্রয়োদশ সংসদের নির্বাচিত বিএনপি, জামায়াত, এনসিপি, স্বতন্ত্র ও অন্যান্য সদস্যরা।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি এককভাবে ২১২টি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথ সুগম করে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে বিজয়ী হয়ে সংসদে প্রধান বিরোধী শক্তি হিসেবে অবস্থান নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
©
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট