
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর ও জেলা কার্যালয়ে দেড় বছর পর হঠাৎ নেতাকর্মীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিকৃতিতে মাল্যদানের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রেক্ষিতে একই দিন সন্ধ্যায় সেখানে জড়ো হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর শহীদ হাদিস পার্ক সংলগ্ন কার্যালয়ে ১০-১২ জনের একটি দল এসে নিচতলার তালা খুলে দোতলায় ওঠেন। তারা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। কিছু সময় অবস্থান শেষে নতুন তালা লাগিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ভিডিওতে থাকা ব্যক্তিদেরও স্থানীয়ভাবে শনাক্ত করা যায়নি।
এদিকে, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর কার্যালয়ের সামনে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় তারা কার্যালয়ে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেন। প্রায় আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট মহানগর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ভবনটি প্রায় পরিত্যক্ত ছিল। গত বছরের মে মাসে দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।