1. hello@channelz24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.channelz24.com : TV :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

মাত্র ২ থেকে ৬ হাজার ভোটে নির্ধারিত হয়েছে ঢাকার ৮টি আসনের ভাগ্য

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সারাদেশেই উত্তেজনা ছিল। ফলাফল আসার পর আলোচনা আরও জোরালো হয়েছে। সারাদেশে ২০৯ আসনে জয় পেয়ে সরকার গঠন নিশ্চিত করেছে বিএনপি ও তাদের মিত্ররা। তবে রাজধানী ঢাকায় ছিল ভিন্ন চিত্র। ঢাকার ২০টি আসনে কে জিততে যাচ্ছেন সেটা নিয়ে সাধারণের মাঝে আগ্রহ ছিল। ঢাকার ১৩টিতে জয় পেয়েছে বিএনপি জোট, আর ৭টিতে জয়ী হয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। 

রাজনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ঢাকার ১৫টি গুরুত্বপূর্ণ আসনের মধ্যে অন্তত আটটিতে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। এসব আসনে জয়-পরাজয়ের ব্যবধান ছিল মাত্র দুই থেকে ছয় হাজার ভোট। শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা ছিল কোন প্রতীক উঠবে বিজয়ের মঞ্চে। ঢাকা-৪, ঢাকা-১১ ও ঢাকা-১৬ আসনে বিএনপি প্রার্থীরা হেরেছেন দুই থেকে পাঁচ হাজারের কম ভোটে। অন্যদিকে ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-১০, ঢাকা-১৩ ও ঢাকা-১৭ আসনে জামায়াত জোটের প্রার্থীরা হেরেছেন দুই থেকে ছয় হাজার ভোটের ব্যবধানে। ফলে অল্প ব্যবধানেই নির্ধারিত হয়েছে আটটি আসনের ফলাফল।

উল্লেখযোগ্য ফলাফলের মধ্যে রয়েছে—ঢাকা-৪ আসনে জামায়াত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন ২ হাজার ৯২০ ভোটে জয়ী হন। ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ৫ হাজার ২৩৯ ভোটে জয় পান। ঢাকা-১০ আসনে বিএনপির শেখ রবিউল আলম রবি জিতেছেন ৩ হাজার ৩০০ ভোটে। ঢাকা-১১ আসনে জামায়াত জোটের প্রার্থী নাহিদ ইসলাম জয়ী হন ২ হাজার ৩৯ ভোটে। আর ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে বিজয়ী হন।

তবে সব আসনেই যে প্রতিদ্বন্দ্বিতা ছিল কাছাকাছি, তা নয়। ঢাকা-২০ আসনে বিএনপির তমিজ উদ্দিন বিশাল ১ লাখ ৪ হাজার ৮৫ ভোটের ব্যবধানে জয় পান। ঢাকা-১৯ আসনে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন জয়ী হন ৬৫ হাজার ৬৯৩ ভোটে এবং ঢাকা-২ আসনে আমানউল্লাহ আমান পান ৮৪ হাজার ৩৬৫ ভোটের ব্যবধান। অন্যদিকে জামায়াত জোটের যেসব প্রার্থী হেরেছেন, তাদের মধ্যে কয়েকটি আসনে ব্যবধান ছিল ৫৭ হাজার থেকে এক লাখেরও বেশি ভোট।

ঢাকার এই ফলাফল স্পষ্ট করেছে, রাজধানীর ভোটাররা বিভক্ত রায় দিয়েছেন। সামান্য কয়েক হাজার ভোটই বদলে দিতে পারে পুরো রাজনৈতিক সমীকরণ। ফলে ঢাকায় নির্বাচন মানেই এখন শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতা, যেখানে প্রতিটি ভোটের মূল্য সমান গুরুত্বপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
©
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট