
অনলাইন নিউজ ডেক্স:
রাজনীতির চলমান প্রেক্ষাপটে জোটসঙ্গীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময় জোরদার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের সার্বিক খোঁজখবর নেন তিনি।
বিএনপির মিডিয়া সেল জানায়, গতকাল বিকেলে অনুষ্ঠিত এই সাক্ষাতে তারেক রহমান জোট নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময়ের পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। জোটের পক্ষে অংশ নেন মাওলানা এ টি এম গোলাম মাওলা চৌধুরী, খন্দকার লুৎফর রহমান, মোস্তাফিজুর রহমান মোস্তফা, শাহজাদ হোসেন, খোকন চন্দ্র দাসসহ অন্য নেতারা।
সাক্ষাৎ শেষে মাওলানা এ টি এম গোলাম মাওলা চৌধুরী জানান, আসন্ন নির্বাচনসহ দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় তারেক রহমান বলেন, জনগণের রায়ের ভিত্তিতে সরকার গঠন করতে পারলেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হবে।
এদিকে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পেশাজীবী শ্রেণির সঙ্গেও সংলাপ চালিয়ে যাচ্ছেন তারেক রহমান। মঙ্গলবার দিবাগত রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তাঁর সঙ্গে মতবিনিময় করেন রিকশা, ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের প্রতিনিধিরা। বৈঠকে তিনি প্রত্যেক নেতার কাছে গিয়ে কুশলাদি বিনিময় করেন এবং তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন।
অন্যদিকে, একই দিনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে তিনি গুলশানে বিএনপি কার্যালয়ে যান। সেখানে শোক বইতে সই করার পাশাপাশি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
এ সময় আমান আযমী তাঁর লেখা একটি বই তারেক রহমানের হাতে তুলে দেন। শোক প্রকাশে উপস্থিত হওয়ায় তারেক রহমান তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
বিভিন্ন শ্রেণি-পেশা ও রাজনৈতিক জোটের নেতাদের সঙ্গে ধারাবাহিক এসব সাক্ষাৎকে বিএনপির রাজনৈতিক যোগাযোগ ও ঐক্য জোরদারের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।
চ্যানেল জেড/ওএফআর