
অনলাইন নিউজ ডেক্স:
হবিগঞ্জে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় জোট নির্বাচিত হলে তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। গ্রামে গ্রামে কৃষি ভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে।
শনিবার সকাল পৌনে ১১টায় হবিগঞ্জ শহরের নিউফিল্ড মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ৫৪ বছরের একটি দেশ উন্নতির উচ্চ শিখরে পৌঁছার জন্য যথেষ্ট সময় পেয়েছে। কিন্তু দুর্নীতির কারণে দেশ এগুতে পারেনি। এখনও বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম হয়, চাদাবাজী হয়, মা বোনদের ইজ্জত লুণ্ঠন হয়। এসব অপরাধের সুযোগ করে দেয়ার জন্য ১৯৭১ সালে আমার ভাইসহ লাখ লাখ মানুষ যুদ্ধ করেনি। বাংলাদেশের মাটির উপরে সম্পদ, নিচে সম্পদ, পানিতে সম্পদ, পানির গভীরে সম্পদ, এদেশ উন্নয়নের উচ্চ শিখরে না পৌঁছার কোনো কারণ ছিল না। দুর্নীতি দেশকে পিছিয়ে দিয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মামলাবাজদের হাত ভেঙ্গে দেয়া হবে। হবিগঞ্জ জেলাকে দেখলে মনে হয় হবিগঞ্জের সাথে সৎ মায়ের মতো আচরণ করা হয়েছে। মেডিকেল কলেজ করা হয়েছে, নিজস্ব কোনো ক্যাম্পাস নাই, কৃষি বিশ্ববিদ্যালয় করা হয়েছে, প্রয়োজনীয় অবকাঠামো নাই, চা বাগান আছে কিন্তু চা শ্রমিকদের জীবন মানের উন্নতি করা হয়নি। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে উন্নয়ন বঞ্চিত জেলাগুলোকে প্রাধান্য দিয়ে দ্রুত উন্নয়নমূলক কাজ করা হবে।
হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, হবিগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী মুফতি সিরাজুল ইসলাম, হবিগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী কাজী মহসিন আহমেদ, হবিগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ড. আহমেদ আব্দুল কাদের।