
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে পরাজয়ের পর দলীয় অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের পরাজয়কে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। অভিযোগ ওঠে, কয়েকজন নেতা নিজ নিজ এলাকায় প্রত্যাশিতভাবে কাজ করেননি। এ নিয়ে প্রথমে কুষ্টিয়া কোর্ট স্টেশন প্ল্যাটফর্মে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে সেই তর্ক শহরের কোর্টপাড়া এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দলের একাংশের নেতাকর্মীরা জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম এবং কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ইসমাইল হোসেন মুরাদকে ধাওয়া করেন বলে অভিযোগ পাওয়া যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বার বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।